কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মাত্র ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এক বৃদ্ধ। তার ডাক-চিৎকারের পালানোর চেষ্টাকালে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে ওই বৃদ্ধকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু (৫৭) কালিয়াকৈর উপজেলার জালশুকা প্রকাশ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী, শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে কালিয়াকৈর উপজেলার জালশুকা প্রকাশ এলাকায় একটি মেলা শুরু হয়। অন্যান্যদের মতো সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের ওই মেলায় ঘুরতে যায় স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীও। এসময় ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান বৃদ্ধ রুহুল আমিন বাবু। সেখানে নিয়ে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুর ডাক-চিৎকার শুরু করলে বাড়িতে থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত বৃদ্ধ রহুল আমিন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিয়ে অভিযুক্ত বৃদ্ধকে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তাদের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পরের দিন শনিবার কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে গ্রেপ্তারকৃত রহুল আমিন বাবুকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।