ফেনীতে যানজট নিরসনে ট্রাফিকের পাশে স্বেচ্ছাসেবীরা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে সপ্তাহের শুরু থেকে ফেনীতে বেড়েছে যানজট। এছাড়াও বিগত কয়েক মাসে শহরের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা যানজটের যন্ত্রণায় অস্থির শহরমুখী মানুষ। যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশ প্রচেষ্টায় কোনো সুফল পাচ্ছে না, এ প্রেক্ষাপটে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পযর্ন্ত ট্রাফিক বিভাগকে সঙ্গে মাঠে নেমেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক।
ফেনী ট্রাফিক বিভাগের সূত্র জানিয়েছে, শহরের বিভিন্ন স্পটে ৫০জন ট্রাফিক পুলিশ দিনরাত দায়িত্ব পালন করেন।
কিন্তু প্রধান প্রধান সড়কের দুইপাশ ভাসমান হকারদের দখলে থাকার পাশাপাশি ফেনী শহরে ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা বেড়ে গেছে। ফলে বেড়েছে যানজট। শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, সেন্ট্রাল ও মডেল হাই স্কুল এলাকা, কলেজ রোড, মিজান রোড়, রেলগেট, জেল রোড, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন স্থানে সকালে তিন থেকে চার ঘণ্টা, সন্ধ্যায় তিন থেকে চার ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব স্থানে পরিস্থিতি সামাল দেওয়া ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত । ফলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে কাজ করছেন। এছাড়াও ফেনী পৌরসভার পক্ষ থেকেও যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের সঙ্গে কাজ করতে কিছু লোকজন দেখা যায়। নিরাপদ সড়ক চাই- নিসচা ফেনী জেলা সভাপতি শহীদুল ইসলাম বললেন, আমাদের ২৫ থেকে ৩০ স্বেচ্ছাসেবী কর্মী মহিপালের বিভিন্ন স্থানে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের সঙ্গে একত্রে কাজ করছেন। এ ছাড়া সালাউদ্দিন উচ্চবিদ্যালয় মোড়ে আমাদের অফিসে যানজট রোধে স্বেচ্ছাসেবীদের জন্য প্রতি শনিবার ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। 'সেফ রোড বাংলাদেশ'-এর ফেনী শাখার সভাপতি মনসুর আহমেদ রকি ও সাধারণ সম্পাদক আরিয়ান মজুমদার বললেন, আমাদের সংগঠনের ২০ থেকে ২৫ স্বেচ্ছাসেবী কর্মী নিয়মিতভাবে জনবহুল এলাকায় ট্রাফিককে সহযোগিতায় কাজ করছেন। নিরাপদ সড়ক আন্দোলন এর সংগঠক জিয়াউদ্দিন জানালেন, তার সংগঠনের সদস্যরা শহরের যানজট রোধে নিয়মিতভাবে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করছেন। এর বাইরে তারা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও যানজট নিরসনে করণীয় নিয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সেমিনার আয়োজন করছেন। ফেনী ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. শাহাদাত হোসেন জানান , 'শহরের কোনো কোনো পয়েন্টে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের সঙ্গে স্বেচ্ছায় কাজ করেন।
