বিএনপি নেতাকে কুপিয়ে জখম গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে কুপিয়ে জখমের অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে আসিফ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত আসিফ ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকার দলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ নামের ওই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও হামলায় গুরুতর আহত বিএনপির সভাপতি হোসেন ম্যানেজার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।