দুর্গাপুরকে মডেল উপজেলা গড়তে কাজ করছেন ডেপুটি স্পিকার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কলি হাসান, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

সোমেশ্বরীর তীরে দাঁড়িয়ে থাকা দুর্গাপুর। একদিকে পাহাড়, অন্যদিকে সীমান্ত। আছে প্রকৃতির অপার সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। অথচ এই উপজেলার প্রত্যন্ত অনেক জনপদের মানুষের কাছে উন্নয়নের গল্প এতদিন ছিল অনেকটাই দূরের বিষয়। বর্ষায় কাদামাটির সড়ক, কোথাও ভাঙা কালভার্ট, কোথাও জরাজীর্ণ সেতু,এসব দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। এবার সেই চিত্র বদলের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন, পুরোনো স্থাপনা সংস্কার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সীমান্ত সড়কে আলোর ব্যবস্থা, কৃষকদের জন্য 'কৃষক কার্ড' এবং সাহিত্য-সংস্কৃতির কেন্দ্রগুলোকে পরিচর্যার আওতায় আনার মতো নানা উদ্যোগ সামনে এসেছে।

এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর উদ্যোগে দুর্গাপুরকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে,দুর্গাপুরের উন্নয়ন চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যোগাযোগব্যবস্থা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামের সঙ্গে উপজেলা সদর এবং বাজারকেন্দ্রগুলোর যোগাযোগ অনেকাংশেই নির্ভর করে গ্রামীণ সড়কের ওপর। কোনো কোনো সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও সেতু বা কালভার্টের দুরবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মানুষকে। এ অবস্থায় বিভিন্ন অবহেলিত সড়ক নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট মেরামত এবং প্রয়োজনীয় নতুন অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় অসংখ্য জনমানুষের প্রত্যাশা, ওইসব প্রকল্প দ্রুত গতিতে বাস্তবায়িত হলে,পাল্টে যাবে পৌরসভা সহ উপজেলার আশপাশ। কারণ একটি ভালো রাস্তা শুধু যাতায়াত সহজ করে না; কৃষকের উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দেয়, শিক্ষার্থীর স্কুলে যাওয়া সহজ করে এবং অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি করে।