জঙ্গল থেকে অটোরিকশা চালকের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের(১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আন্দি জঙ্গলের ভেতর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) টাঙ্গাইল। সবুজ পৌর এলাকার কাহারতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে পড়ে থাকা ছেলের জুতা দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সিরাজুল ইসলাম। এ সময় তিনি ছেলেকে হত্যার অভিযোগ তুলে জড়িতদের ফাঁসি দাবি করেন।

সিরাজুল ইসলাম বলেন, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই। পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৪ বছর বয়সের কিশোর সবুজ। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাবিবুর রহমান (৩৫) ও শাহীন (৩৪) নামের দুইজনক গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগে এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছিল তাদের তথ্যের ভিত্তিতেই এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বিষয়টি জানান।