ছয় ছেলে থাকতেও ঘরে ঠাঁই নেই ৮৫ বছরের বৃদ্ধা মায়ের

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামে ছয় ছেলে থাকা সত্ত্বেও নিজ বাড়িতে আশ্রয় না পেয়ে ঘরের দরজার সামনে অভুক্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ উঠেছে ৮৫ বছর বয়সী বৃদ্ধা জয়নব ভানুর উপরে। উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সৈয়দ আহমেদের স্ত্রী জয়নব ভানু (৮৫) দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে ছেলেদের ঘরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার সামনে অসহায় অবস্থায় বসে থাকেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে দেখতে পেয়ে খোঁজখবর নেন। কান্নাজড়িত কণ্ঠে স্বামীর ভিটায় একটি কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার আকুতি জানান বৃদ্ধা।

এ বিষয়ে মেজো ছেলে আবুল কাশেম দাবি করেন, দীর্ঘ এক বছর তার মা কোথায় ছিলেন, তা তিনি জানেন না। তিনি কয়েকবার মাকে ডেকেছেন বলেও জানান। বড় ছেলে শাহজাহানের স্ত্রী জানান, বৃদ্ধা তাদের দরজার সামনে কয়েক মিনিট বসেছিলেন। পরে কী হয়েছে, তা তিনি জানেন না। সেজো ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী বলেন, 'তিনি কখন এসেছেন, আমরা কেউ বলতে পারব না। জয়নব ভানুর মেয়ে ঝর্ণা বেগম জানান, মায়ের খবর শুনে তিনি ছুটে এসেছেন। গত ২০ বছর ধরে তার মায়ের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ভাইয়েরা চান মাকে তার বাড়িতে নিয়ে যেতে। স্থানীয় আব্দুল কাদের খান ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে এলাকাবাসী বসে সমাধানের উদ্যোগ নেবেন। জয়নব ভানুর ছয় ছেলের মধ্যে শাহজাহান ও আবুল কাশেম বাড়িতে বসবাস করেন। বাকি চার ছেলে প্রবাসে রয়েছেন।