পুকুরে মিলল নিখোঁজ গৃহবধূর হাত-পা বাঁধা লাশ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুর থেকে রত্না দাস (৩০) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রত্না দাস খাগালিয়া গ্রামের কুড়ের হাটির সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়ার মহল্লাল দাসের মেয়ে। নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর হাত-পা বেঁধে তাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে হঠাৎ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরদিন তার স্বামী সুশীল দাস নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার বিকেলে নিহতের বাড়ির পাশের একটি পুকুরে এক বস্তু ভাসতে দেখে স্থানীয়রা কাছে এগিয়ে যান। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। পরে তার স্বজনরা লাশটি সুশীলের স্ত্রীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের দেবর চাচাতো বলরাম দাস বলেন, 'রত্না ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পরে ঘরে থাকা রশি ও পাথর দিয়ে বেঁধে তাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে।'