রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের মৈকলি এলাকায় এলে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
