সাঘাটায় আগুনে পুড়ে গৃহকর্তাসহ ৪ গবাদিপশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরে লাগা আগুনে পুড়ে খোরশেদ আলী মন্ডল (৫০) নামে এক গৃহকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই আগুনে পুড়ে মারা গেছে ২টি গরু ও ২টি ছাগল। এছাড়া আরও ২টি গরু গুরুতর দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ২৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের প্রত্যন্ত গুয়াবাড়ি কুমারপাড়া চর এলাকায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত খোরশেদ আলীর সাঘাটা উপজেলা সদরে একটি বিল্ডিং বাড়ি রয়েছে। তবে তিনি কৃষিকাজ এবং গবাদিপশু লালন-পালনের সুবিধার্থে স্ত্রী-সন্তানদের উপজেলা সদরের বাড়িতে রেখে গুয়াবাড়ি কুমারপাড়া চরের অন্য একটি বাড়িতে একাই বসবাস করতেন। সেখানে তিনি ৪টি গরু ও ২টি ছাগল লালন-পালন করতেন এবং চরের জমিতে চাষাবাদ করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১টার দিকে মশার কয়েল থেকে হঠাৎ খোরশেদ আলীর ঘরে আগুনের সূত্রপাত হয়। দুর্ভাগ্যবশত ওই ঘরে বেশ কিছু কেরোসিন তেল মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে তীব্র আকার ধারণ করে এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা খোরশেদ আলী এবং তার গবাদিপশুগুলো বের হওয়ার সুযোগ পাওয়ার আগেই আগুনে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুনে পুড়ে খোরশেদ আলীর মৃত্যু হয়। এছাড়া গোয়াল ঘরে থাকা ২টি ছাগলের মধ্যে ২টাই এবং দেশি বিদেশি ৪টি গরুর মধ্যে ২টি ঘটনাস্থলেই মারা যায়। বাকি ২টি গরু গুরুতর আহত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় সাঘাটার হলদিয়া ইউনিয়ন ও খোরশেদ আলীর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।