চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। তারা দুজনই পিকআপ ভ্যানটিতে ছিলেন।
স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল। পথে চকরিয়া থেকে কক্সবাজারগামী পিকআপটির সঙ্গে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সেলিম মিয়া জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।
দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
