মায়ের গাছ বিক্রির টাকায় মাদক সেবন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর (বেনাপোল) প্রতিনিধি

মায়ের গাছ বিক্রি করে পাওয়া ৬ হাজার টাকা দিয়ে মাদক সেবনের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের ইজ্জত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানার পর মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবকদের নিয়ে মাঠে নামেন সাবেক ইউপি চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল কুদ্দুস। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাড়িপুকুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় কয়েকজন যুবক অংশ নেন। অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ইজ্জত তার মাকে চাপ দিয়ে গাছ বিক্রি করিয়ে ৬ হাজার টাকা নেন এবং সেই টাকা দিয়ে মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে রুহুল কুদ্দুস ও স্থানীয় যুবকেরা তাঁকে আটক করে মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন। এ সময় তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে আর মাদক সেবন করবেন না বলে প্রতিশ্রুতি দেন বলে তারা জানান। অভিযান চলাকালে গ্রামের একটি মসজিদের পেছনে তিনজন যুবককে মাদক সেবন করতে দেখা যায় বলে জানান অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা। তাঁদের দিকে এগিয়ে গেলে তাঁরা চলে যান। পরে রাড়িপুকুর মাঠের ভেতরে একটি আমগাছের নিচে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে এগিয়ে গেলে তারাও পালিয়ে যান বলে জানা গেছে।রুহুল কুদ্দুস বলেন, আমি অঙ্গীকার করেছি, আমার ইউনিয়নে মাদক নির্মূলে কাজ করব।