কুষ্টিয়ায় দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন নয় মাইল কাচারি পাড়া সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা গণধোলাই দিয়ে দুইজনকে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই দুই ছিনতাইকারী হলেন-ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সুমন ও বারোমাইলের মাহাবুল। স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের নয় মাইল এলাকার নিকটবর্তী স্থানে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে প্রতিরোধ করে এ ছিনতাইকারী দলের দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয়। পরে দুজনকে মিরপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
