ফ্লাইওভার প্রকল্পের ঘোষণা বগুড়ার শেরপুরে উচ্ছ্বাস
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় ধুনট মোড় থেকে হাজীপুর পর্যন্ত প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর স্বার্থরক্ষা পরিষদের নেতা কেএম মাহবুবার রহমান হারেজ। গত শনিবার রাতে শেরপুর শহরের স্যানালপাড়ায় নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কৃতজ্ঞতা জানান। এর আগে বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম ইন-এর কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ধুনট মোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দেন। প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কথা জানানো হলে শেরপুরজুড়ে নতুন করে আশার সঞ্চার হয়।
সংবাদ সম্মেলনে কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, শেরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফ্লাইওভার নির্মাণের ঘোষণা এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক। এ প্রকল্পের অনুমোদন ও অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়নবঞ্চনার শিকার হয়েছে। বর্তমান বিএনপি সরকার বগুড়ার উন্নয়নে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ উত্তরাঞ্চলের অর্থনীতি, যোগাযোগব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। হারেজ আরও বলেন, শেরপুরের ফ্লাইওভার নির্মাণের দাবি আদায়ে ২০২৩ সাল থেকে শেরপুর স্বার্থরক্ষা পরিষদের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। দীর্ঘ প্রায় তিন বছরের দাবি ও প্রচেষ্টার পর প্রকল্পটি নির্মাণের ঘোষণা আসায় শেরপুরবাসীর প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে। তিনি জানান, ফ্লাইওভার নির্মাণের দাবিতে শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি, শেরপুর নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিভিন্ন সময়ে আন্দোলন কর্মসূচি পালন করেছে।
এ দাবি বাস্তবায়নের উদ্যোগে সংশ্লিষ্ট সবার ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বগুড়া জেলার অন্যান্য সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জানান হারেজ। পাশাপাশি শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা, ধুনট মোড় থেকে হাজীপুর পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি নির্মিত হলে শেরপুরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। যানজট কমার পাশাপাশি মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারিত হবে। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে ঘোষণার পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে— এমন প্রত্যাশা শেরপুরবাসীর।
