অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

বারান্দায় রোগীর বিছানা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে ডেঙ্গু সহ নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ওয়ার্ডগুলোতে কোনো সিট খালি নেই। ওয়ার্ডের মেঝে, বারান্দা এবং করিডোরে মশারি টাঙিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে যে পরিমাণ নতুন রোগী ভর্তি হচ্ছেন, তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত শয্যা ও জনবল স্বাস্থ্য কমপ্লেক্সের নেই।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে গড়ে প্রায় ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন । এসব রোগীর অধিকাংশ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টে ভুগছেন। এ ছাড়া কিডনি, হৃদ্?রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাও আবহাওয়ার পরিবর্তনে বিভিন্ন জটিলতায় পড়ছেন। হাসপাতালে আসা কম আক্রান্ত রোগীদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে গড়ে ৯০ থেকে ৯৫ জন নিয়মিত ভর্তি রোগী থাকছেন। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে কিংবা বিকল্প শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজিব বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। এ সময়ে অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।