রূপগঞ্জে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নলপাথর এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। গত শনিবার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল রিজেন্ট টাউন আবাসন কোম্পানী মুল ফটকের সামনে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এতে মহাসড়ক পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কয়েকশ নারী-পুরুষ বাসিন্দা এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় ব্যানার ও স্লোগানের মাধ্যমে নলপাথর এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় তারা।
মানব বন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছেলে মেয়ে, বিভিন্ন পেশার মানুষ সড়ক পারাপার হয়। এদিকে সড়কটি ৬ লেনে উন্নতিকল্পে কাজ করার দরুন যাতায়াতে বিঘ্ন ঘটছে। নিরাপদে সড়ক পারাপার এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের জন্য এলাকাবাসীর দাবির ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন ধরে ফুট ওভার ব্রিজটির নির্মাণকাজ বন্ধ করতে রিজেন্ট টাউন নামক আবাসন কোম্পানী বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি , দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভার ব্রিজ নির্মাণকাজ বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। তাই নির্মাণকাজ বন্ধের চেষ্টার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
