চট্টগ্রাম জেলা পরিষদের বৃত্তি পাচ্ছে ২২৬ শিক্ষার্থী

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২২৬ শিক্ষার্থীকে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। সম্প্রতি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

চট্টগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। চট্টগ্রাম জেলা পরিষদ সূত্রে জানা গেছে, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ বৃত্তি দেওয়া হচ্ছে। জেলা পরিষদের শিক্ষা বৃত্তি বাছাই কমিটির সভায় আবেদন যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করার সুপারিশ করা হয়। সভাটি গত ৪ আগস্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

জেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকার অনুযায়ী, প্রতি অর্থবছরে শিক্ষা বৃত্তি খাতে ৩০ লাখ টাকা ব্যয়ের বিধান রয়েছে। এর আওতায় চলতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাছাই কমিটির সভার কার্যবিবরণী অনুযায়ী, কলেজ পর্যায়ে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে মোট ২৭১টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে ২০২৪ সালে এসএসসি পাস করা ১০১ জন এবং ২০২৫ সালে পাস করা ৫২ জনসহ মোট ১৫৩ জনকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া স্নাতক বা সমমান পর্যায়ে ৩৫ জন এবং স্নাতকোত্তর বা সমমান পর্যায়ে ৩৮ জনকে বৃত্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে তিন পর্যায়ে ২২৬ জন শিক্ষার্থীর জন্য প্রায় ৩০ লাখ টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, কলেজ পর্যায়ে জনপ্রতি বৃত্তির প্রস্তাবিত পরিমাণ ১২ হাজার টাকা। স্নাতক বা সমমান পর্যায়ে জনপ্রতি ১৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর বা সমমান পর্যায়ে জনপ্রতি ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, আজকের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধার বিকাশ, উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং যোগ্য মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, আর্থিক সহযোগিতা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পরিষদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।