রাজবাড়ীতে রোহান হত্যার বিচার দাবি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রোহান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মামলার বাদীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে 'এলাকাবাসী ও রোহানের সহপাঠীরা' এর ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রোহানের স্বজন, সহপাঠী, এলাকাবাসী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে নিহত রোহানের বাবা ফরহাদ চৌধুরী অভিযোগ করে বলেন, রাসেল সরদার, লিটন সরদার, মিলন সরদার, রাজীব সরদার, খোকন সরদার, টোকন সরদার ও সুমন সরদার দেশের বাইরে থেকে নির্দেশনা ও অর্থ জোগান দিয়ে স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে তাঁর ছেলে রোহানকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে জড়িত কয়েকজন গ্রেপ্তার হলেও অভিযুক্ত ওই সাতজন এখনও দেশের বাইরে অবস্থান করছেন।
ফরহাদ চৌধুরী আরও অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযুক্ত ব্যক্তিদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দ করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রোহান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে সন্তান হারানোর বেদনা সহ্য করতে হবে না। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও রেজাউল করিম শিকদার পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এহসানুল করিম চৌধুরী হিটু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা রোহান হত্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রোহান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর সন্ধান না পেয়ে পরদিন ৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
পরে ৮ অক্টোবর বিকাল ৫টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে রোহানের বস্তাবন্দি ও পেট কাটা লাশ উদ্ধার করা হয়। রোহান হত্যার ঘটনায় ৯ অক্টোবর তাঁর বাবা ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
