গর্তে জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে মো. আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবু সুফিয়ান ওই গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। নামাজ শেষে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি শিশুটিকে ডাকাডাকি শুরু করেন।
পরে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলতে থাকা প্রতিবেশীর আরেক চার বছর বয়সী শিশু তার মাকে জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে। পরে শিশুটির মা পানির গর্তের কাছে গিয়ে ছেলেকে পানিতে ভাসতে দেখেন।
পরে শিশুর চাচা সুমন মিয়া দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
