হরিরামপুরে চার জেলের কারাদণ্ড
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে । গতকাল সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরিরামপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথভাবে পদ্মা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।এসময় ইলিশ ধরার অপরাধে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর গ্রামের ইউসুফ মিস্ত্রির ছেলে আলী মিস্ত্রি , একই গ্রামের ফজলুল হকের ছেলে আমির হোসেন , মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গফফার হোসেন এবং একই গ্রামের লুৎফর হোসেনকে আটক করা হয়। অভিযানে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরামসহ হরিরামপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটক প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ইলিশ মাছ এবং প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এ তথ্য জানিয়েছেন।
