রামগতিতে নিষেধাজ্ঞার মধ্যেও মাছ ধরা ও বরফ বিক্রির অভিযোগ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। মাছ আহরণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকার সময়েও ঘাটে দেদারসে বরফ বিক্রি করছে দুটি সিন্ডিকেট চক্র। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়ে বরফকল ও বরফ বিক্রি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেও রামগতির ব্রিজঘাট এলাকার ওই দুটি সক্রিয় গ্রুপের এ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ ও সরেজমিনে দেখা যায়, উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে দুটি সিন্ডিকেটের কয়েকজন অসাধু ব্যবসায়ী বরফ বিক্রি করছে। ব্রিজঘাট এলাকার, আমজাদ, ফয়েজ উল্লাহ, নুর হোসেন বলেন, সন্ধ্যার পর থেকে সারারাত ধরে এ ঘাটে প্রচুর মাছধরার নৌকা নদীতে নামে। সারারাত তারা মা ইলিশ শিকার করে ভোরে ঘাটে আনা হয়। তখন প্রচুর বরফের প্রয়োজন হয়। সেজন্য ওই দুটি সিন্ডিকেটের সদস্যরা এ ঘাটে বরফ বিক্রি করছে। রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, বরফ উৎপাদন, মৌজুদ, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে কেউ বরফ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ জামান বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করা হবে। প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।