নান্দাইলে মাদক-জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সুস্থ সমাজ, সুন্দর দেশ, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা মাঠে নিভিয়াঘাটা মাদক নির্মূল কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা আব্দুল বারেকের সভাপতিত্বে ও রাসেল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির উপদেষ্টা কাজী গোলাম মোস্তুফা, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বামাক) নান্দাইল উপজেলা শাখার সহসভাপতি ও উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা ও উপদেষ্টা সাইফুল আলম লিটন, বামাক নান্দাইল শাখার দপ্তর সম্পাদক ও সাংবাদিক মাহাবুব আলম খান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপদেষ্টা রুকুজ্জামান রুকন এবং সংগঠনটির সদস্য চিকিৎসক আলী আকবর, ওবায়দুল হক ও জুবায়ের মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে ওসি আজহারুল ইসলাম বলেন, নিভিয়াঘাটাকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও সচেতন নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে, জুয়া মানুষকে আর্থিক সংকটে ফেলে, ইভটিজিং নারীর নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ করে এবং বাল্যবিবাহ শিশুদের সুন্দর ভবিষ্যৎ কেড়ে নেয়। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা অনেক সময় অপরাধের খবর দেন, কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যেতে পারে। এতক্ষণে অপরাধীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে পারে। তাই আপনারা প্রমাণসহ প্রয়োজনে মোবাইল ফোনে ভিডিও করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে তাদেরকে আটকে রাখবেন। আমরা এসে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব। তবে নিজেরা ঝুঁকি নিয়ে কোনো অপরাধীকে আটকাতে যাবেন না কিংবা আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, নিভিয়াঘাটাকে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে আমরা আপনাদের পাশে আছি। আপনারা সাহসের সঙ্গে অপরাধের সঠিক তথ্য ও প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত নিভিয়াঘাটা গড়ে তুলতে চাই। এ জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আলোচনা সভা শেষে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
