তিতাসে শিক্ষকের ওপর হামলার অভিযোগ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুস সালাম (৬১)। গতকাল সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে বাসা থেকে মসজিদে যাওয়ার পথে মাছিমপুর বাজারে এই হামলার শিকার হয়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। আব্দুল সালাম মাছিমপুর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে। তিতাস থানার অফিসার ইনচার্জ মমিরুল হক জানান, ঘটনার খবর জানার পর আমি নিজেই হাসপাতালে গিয়েছিলাম। আহতের আত্মীয়-স্বজন চিকিৎসায় ব্যস্ত থাকায় এখনও কোনো অভিযোগ জমা দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতের শনাক্ত ও আটকে বিষয়ে পুলিশিং অভিযান অব্যাহত আছে।
