চাঁপাইনবাবগঞ্জে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক আরেকটি অভিযানে ১২০ কেজি বিড়ির পাতা ও ৩৩ কেজি বিড়ির মসলা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে ১৪৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে, মনোহরপুর বিওপির আরেকটি টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও অন্যান্য যানবাহনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো ধরনের চোরাচালান দমনে ৫৩ বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।