জাতীয় নিরাপদ সড়ক দিবসে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'।
রংপুর ব্যুরো : দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেল যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, প্রশাসন বা আইনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। এভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহন প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় চালকদের লাইসেন্স না থাকা এবং হাইওয়েতে অবৈধ যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এজন্য বিনা লাইসেন্সে গাড়ি চালানো ও আইনের বিধান এড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে আইন ভঙ্গকারীদের ছাড় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— রংপুরের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক মো, সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর, বিআরটিএ-র বিভাগীয় পরিচালক সুব্রত কুমার দেবনাথ প্রমুখ। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে বিআরটিএ-র পক্ষ থেকে মোটরযান চালক, মোটরসাইকেল চালক, মোটর মালিক, যাত্রী ও পথচারী— এই পাঁচ শ্রেণির স্টেকহোল্ডারদের মাঝে সুনির্দিষ্ট গাইডলাইন ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নিরাপদ গাড়ি চালনার জন্য চার (০৪) জন সেরা চালকের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়
পিরোজপুর : এ উপলক্ষে রোড শো ও আলোচনা সভার আয়োজন করে পিরোজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক এবং ১০ জন সেরা চালকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা সার্কিট হাউসের সামনে থেকে রোড শো উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান ফাহাদ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দক্ষ ও প্রশিক্ষিত চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা করা জরুরি। আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এ সময় ১০ জন সেরা চালকের হাতে সনদপত্রও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন মো. রুহুল আমিন, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ, সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা। মুন্সীগঞ্জ : জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি রোড শো অনুষ্ঠিত হয়। রোড শো শেষে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় আলোচনা সভা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, পিপিএম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সড়ক পরিবহন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং নিরাপদ সড়ক চাই, মুন্সীগঞ্জ শাখার সভাপতি ও সদস্যরা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি প্রাণহানি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবিকা। অনেক ক্ষেত্রে একজন মানুষের ওপর পুরো পরিবার নির্ভরশীল থাকে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো— ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গত সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, চালকের ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোসহ বিভিন্ন কারণ রয়েছে। সাম্প্রতিক একটি দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, চালকের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে বহু মানুষ গুরুতর আহত ও প্রাণহানির শিকার হয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ করা এবং সম্মিলিতভাবে সড়ক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি চালক, মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারী— সবার দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আলোচনায় চালকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করা, ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করা এবং ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্ধারিত বাস বে ব্যবহার এবং নিরাপদ স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করার আহ্বান জানান হয়। আলোচনা সভা শেষে ৪ জন পেশাদার গাড়িচালক যারা কোনো সড়ক দুর্ঘটনা ঘটাননি তাদের পুরস্কার প্রদান করা হয়।
কক্সবাজার : জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে রোড শো ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে রোড শো উদ্বোধন হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। সভায় অন্যদের মধ্যে কক্সবাজার বিআরটিএ'র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার জেলা নিসচা সভাপতি জসিম উদ্দিন কিশোর বক্তব্য রাখেন। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসচালক, পরিবহনশ্রমিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
