শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তোলার আহ্বান

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

শিশু-কিশোরদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্?যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ফুলকুঁড়ি আসর ফরিদপুর শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর জাকারিয়া হাবিব পাইলট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস ছাত্তার এবং ফরিদপুর শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান। আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিশু-কিশোরদের শৈশব থেকেই নৈতিক মূল্যবোধ, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে তাদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।