লক্ষ্মীপুরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শোনেন ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেন। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে জানান তারা। সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।
