সড়ক দুর্ঘটনায় বাবা- ছেলে নিহত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- গাইবান্ধা জেলার কাটিয়ারা থানার উত্তর খাগুরা এলাকার শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)।
স্থানীয়রা আহতদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত বাস ঢাকা মেট্রো ব ১৫-৪২১১ ও ঢাকা মেট্রো ণ ১১-৪৭২৮ নাম্বারের একটি ট্রাক জব্দসহ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিতা/ পুত্র নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। দুর্ঘটনার পর থেকেই বাসচালক ও ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
