সিরাজগঞ্জের সাংবাদিক আশরাফ আলীর মৃত্যু

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক আশরাফ আলী (৫২) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রায়গঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আতিক মাহমুদ আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফ আলী রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও ডায়াবেটিসে ভুগছিলেন। ঢাকায় চিকিৎসা নেওয়ার পর কিছুদিন আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। গত বুধবার বিকালে অসুস্থ হয়ে পড়লে ওই দিন রাতেই তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফ আলী দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এবং দৈনিক কলম সৈনিক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় নিশ্চিন্তপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ধর্মপ্রাণ মুসল্লি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।