নতুন উপজেলা গঠনের প্রস্তাব ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন রামরাইল ইউনিয়নবাসী। একই সময়ে সুলতানপুর ইউনিয়নেও অনুরূপ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে কয়েক'শ গ্রামবাসী রামরাইল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার পেছনে জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা এ উদ্যোগকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। কর্মসূচিতে রামরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ বলেন, বাসুদেব, রামরাইল ও সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র হলো রামরাইল ইউনিয়ন। কবীর আহমেদ ভূঁইয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাঁচটি ইউনিয়ন নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল হবে না। সর্বস্তরের জনগণ আজ মাঠে নেমেছে। তাদের দাবি, তারা কখনও প্রস্তাবিত নতুন উপজেলার অন্তর্ভুক্ত হবেন না।
তরুণ আইনজীবী মুকুল চৌধুরী বলেন, তিনটি উপজেলা থেকে ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে এ আন্দোলন চলছে। নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চার ইউনিয়নের বাসিন্দারা যেকোনো মূল্যে এ উদ্যোগ প্রতিহত করবেন। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা ইমন হাজারী। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল ও ব্যক্তিগত রাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে চাপে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে ভেঙে দিতে চাচ্ছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকায় নানা অপপ্রচারও চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
