ফুলপুরে জমি বিরোধে হামলায় শিশুর মৃত্যু

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে জমি বিরোধে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর মারিয়া আক্তার নামে দেড় বছর বয়সের এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত মারিয়া উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু ঘটেছে।

জানা যায়, উপজেলার পাতিলগাঁও গ্রামের হুমায়ুন কবীরের সাথে চাচা মইন উদ্দিনের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে চাচা মইন উদ্দিন ও তার লোকজন গত ১২ অক্টোবর হুমায়ুন কবীরের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

হুমায়ুন কবীরের অভিযোগ, এ সময় ঘুমন্ত শিশু মারিয়া আক্তারকে বিছানায় রেখে স্বামী স্ত্রী প্রাণ ভয়ে পালিয়ে যান। এ সময় চাচি আছমা খাতুন শিশু মারিয়া আক্তারকে উঠিয়ে আছাড় মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টার দিকে মারিয়া আক্তারের মৃত্যু হয়। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।