সোনাগাজীতে চারণভূমি রক্ষার দাবি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী চরাঞ্চলগুলোতে চারণভূমি রক্ষার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রান্তিক খামারিরা।

গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ মানববন্ধনে চরাঞ্চলের বহু গবাদিপশু পালনকারী ও খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন শেষে খামারিদের পক্ষ থেকে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারক লিপি সূত্রে জানাযায়, সোনাগাজীর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মৎস্য চাষের নামে এক শ্রেণির ভূমিদস্যুরা বিশাল চরাঞ্চল দখল নিয়ে যায়।

উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, চরাঞ্চলের সুবিশাল চারণভূমি সোনাগাজীর গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনের প্রধান ভিত্তি। তবে নানা কারণে এই চারণভূমি সংকুচিত হওয়ায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার প্রান্তিক খামারির জীবিকা। গবাদিপশুর অবাধ বিচরণ ও প্রয়োজনীয় খাদ্যের জোগান নিশ্চিত করতে চারণভূমিগুলোকে যেকোনো ধরনের অবৈধ দখল ও অন্যান্য আগ্রাসন থেকে সুরক্ষা দেওয়ার জোর দাবি জানাই।