গাইবান্ধায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১৬
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে সালিস হলেও বিরোধের মীমাংসা হয়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথে মকবুল হোসেনের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেন। এ সময় ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
