রেলওয়ে বহরে যুক্ত হবে ২০০ কোচ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

সর্ব উত্তরের জেলা পঞ্চগড় রেল যোগাযোগ ব্যবস্থাপনায় রেললাইন ব্রডগেজে রূপান্তর হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালু যৌক্তিকতা বিবেচনা এবং পার্শ্ববর্তী দুই দেশ একমত হলে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা রেলযোগে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছেন পরবর্তীতে স্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময়ের সময় এসব পরিকল্পনার কথা জানান মহাপরিচালক।

এদিকে ভারত থেকে আমদানি কৃত নতুন ট্রেন চালুর বিষয়ে মো. আফজাল হোসেন বলেন, ইতোমধ্যে ১৮টি কোচ আনা হয়েছে পঞ্চগড় থেকে আপাতত একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া পর্যায়ক্রমে আরও ২০০টি নতুন কোচ আসবে এবং নতুন কোচ দিয়ে ট্রেন চালুর পাশাপাশি পুরোনো কোচ প্রতিস্থাপনের পরিকল্পনাও রয়েছে। এদিকে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে তিনি আরও বলেন, সরকারের এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। দেশের সব রেললাইন এখনো ব্রডগেজে রূপান্তরিত হয় নাই এবং ব্রডগেজে রূপান্তরিত হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর পরিকল্পনা করা হবে। এ রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হবে। বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে মহাপরিচালক আরও বলেন, এ নিয়ে আগে পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বাংলাবান্ধা এবং ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগ না থাকায় এ প্রকল্প থেকে প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগ সুবিধা পাওয়া কঠিন। দেশের অভ্যন্তরীণ চাহিদা কিছুটা পূরণ হলেও আঞ্চলিক যোগাযোগের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।

তিনি আরও বলেন, সীমান্তের ওপারে রেললাইন এসে যুক্ত না হলে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব নয়। দুই দেশ সম্মত হলে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।