গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, 'গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থী কর্তৃক সাবেক মেয়রের নাম ভাঙিয়ে ও অর্থ বিলিয়ে প্রকাশ্যে ভোট ক্রয়ের নজিরবিহীন ঘটনা ঘটেছে।
বিভিন্ন অনিয়ম, একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন।
এহেন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থেই ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।
