দিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এটিই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার।
গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যান তুলে ধরে প্রেস ব্রিফিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৬৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এবারে এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী পেয়েছে ১ হাজার ৫৭০ জন।এবার শতভাগ পাস করেছে ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসাবে গত ৮ বছরের মধ্যে ২০১৬ সালে এই বোর্ডের অধীনে ৭৪.৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫.৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০.২১ শতাংশ, ২০১৯ সালে ৭১.৭৮ শতাংশ, ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ, ২০২১ সালে সব বিভাগে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় ৯২.৪৩ শতাংশ, ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষায় ৭৯.০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৪৮ শতাংশ ২০২৪ সালে ৭৭.৫৬ শতাংশ ও ২০২৫ সালে ৫৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।প্রাপ্ত ফলাফলে এবারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৬.৭৭ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৩৯.৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৩৫.৭৩ শতাংশ।
