বগুড়ায় জিপিএ-৫ কমেছে

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ফলাফল বিপর্যয়ের ঢেউ বগুড়াতেও লেগেছে । তবে বিপর্যয়ের মাঝেওবগুড়া মহানগরীর কয়েকটি ভালো প্রতিষ্ঠান তাদের ফলাফলের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। রাজশাহী বোর্ডের গড় পাসের হার যেখানে ৪৫ দশমিক ০৬ শতাংশ, সেখানে বগুড়ার শীর্ষ কলেজগুলোতে পাসের হার ৯৮ থেকে ১০০ শতাংশের মধ্যে। যদিও সামগ্রিক বিবেচনায় বিগত বছরগুলোর তুলনায় এবার এসব প্রতিষ্ঠানেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

প্রতিষ্ঠানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এ বছর বগুড়া জেলায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিলিনিয়াম স্কলাস্টিক স্কুল ও কলেজ এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজ। মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। বিএএফ শাহীন কলেজ থেকেও ৮০ জন পরীক্ষার্থীর সবাই পাস করে শতভাগ সাফল্যের রেকর্ড গড়লেও এই প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বরাবরের মতো ফলাফলের শীর্ষ স্থান ও ফলাফলের মানের দিক থেকে বগুড়ায় আধিপত্য ধরে রেখেছে সরকারি আজিজুল হক কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৭১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে ১ হাজার ৪৫৫ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ। পুরো জেলায় অর্জিত মোট ১ হাজার ৩০৯টি জিপিএ-৫-এর মধ্যে আজিজুল হক কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৭৪৭ জন।

কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম জানান, তারা আরও ভালো ফলাফল আশা করেছিলেন, তবে যা হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতে এই ফলাফল আরও উন্নত করতে চেষ্টা চালিয়ে যাবেন। শহরের অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) থেকে ৪২৫ জন পরীক্ষা দিয়ে ৪২০ জন পাস করেছে (পাসের হার ৯৮.৮২%) এবং জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৬৬৫ জন পরীক্ষা দিয়ে ৬৫৭ জন পাস করেছে (পাসের হার ৯৮.৮০%) এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে ২৪০ জন অংশ নিয়ে ২৩৬ জন পাস করেছে (পাসের হার ৯৮.৩৩%) এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। বিয়াম মডেল স্কুল ও কলেজের বিভাগভিত্তিক ফল বিশ্লেষণ করলে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফলাফলের একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে ১৪০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাসের পাশাপাশি ৩৩জন জিপিএ-৫ পেয়েছে।