শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীরা কেউই সাধারণ শ্রমিক নয়
ঢাকা রেঞ্জের ডিআইজি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীরা কেউই সাধারণ শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। এসময়, বিশৃঙ্খলা কারীদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। গতকাল সোমবার (২নবেম্বর) বিকালে আশুলিয়ার বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতিকারী তাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, তথ্য সংগ্রহ করছি। আন্দোলনের নামে বহিরাগত এসকল বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। এসময় শ্রমিকদেরও সজাগ হওয়ার আহ্বান জানান ডিআইজি। সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, দুদিনের তুলনায় আজকে আশুলিয়ার পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। টুকটাক বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশ তৎপর থাকার কারণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে বলেও জানান তিনি।
