সুন্দরবনে দুই দস্যু বাহিনীর সংঘর্ষ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের আড়ুয়া শিবসা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার বনদস্যু বাম্বা বাহিনী ও অলি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মাঝে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলির আঘাতে অলি বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে বলে জেলেরা জানায়। আহত অলির স্ত্রীকে বাম্বা বাহিনীর সদস্যরা নৌকায় তুলে নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ৫নং কয়রা গ্রামের একজন জেলে জানায় দস্যুরা ৪নং কয়রা ও ৫নং কয়রা গ্রামের লোকজন। পূর্ব পরিচিত হওয়ার কারণে সামান্য কিছু টাকা নিয়ে ছেড়ে দিলে গতকাল রাতে আমি বাড়িতে চলে আসি। বর্তমানে শতাধিক বনদস্যু ১২টি দলে বিভক্ত হয়ে সুন্দরবনে জেলেদের কাছ থেকে মোটা অংকের চাঁদাবাজি করছে। এ জন্য জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। পুলিশের একটি দল দস্যুদের পাকড়াও করতে অভিযানে নেমেছে বলে থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান।