দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে এক যুবককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় বদিউজ্জামান ওরফে বদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা ও অপহরণসহ অন্তত ১৯টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর সদর উপজেলার মেনকীফান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে শফিকুল ইসলাম (৩৫) শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার পথরোধ করেন। পরে তাকে জোরপূর্বক আটক করে মুখে কাপড় চেপে মোটরসাইকেলে তুলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরে শফিকুলকে ধোবাউড়া উপজেলার রনসিংহপুর বাজার এলাকায় নেওয়া হয়। এসময় পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গত ২৫ আগস্ট শফিকুলের ভাই ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে দুর্গাপুর থানায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, বদিউজ্জামান এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।
