২২ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী সবাই ফেল

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। মোট ২২ জন কর্মরত শিক্ষক থাকা সত্ত্বেও এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার জন্য মোট ১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছায় ১৩ জন পরীক্ষার্থী। তবে ফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ২২ জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন শিক্ষার্থীও পাস না করায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এমন বিপর্যয়ের কারণ জানতে চাইলে জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, ১৫ জনের মধ্যে ১৩ জন পরীক্ষা দিয়েছিল। মূলত শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকার কারণেই এমন খারাপ ফলাফল হয়েছে। অকৃতকার্য ১৩ জনের মধ্যে ৮ জন শুধু একটি বিষয়ে ফেল করেছে, বাকিরা একাধিক বিষয়ে। যারা একটি বিষয়ে খারাপ করেছে, তারা শিক্ষাবোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে। তবে ২২ জন শিক্ষক থাকা সত্ত্বেও কীভাবে শতভাগ শিক্ষার্থী ফেল করল- তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহল। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।