৩৪ শিক্ষার্থীর ২৪ শিক্ষক, পাস চার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার চারবাড়ীয়া সরকারি স্কুল এন্ড কলেজে কলেজ শাখায় কর্মরত রয়েছেন ২৪ জন শিক্ষক। ওই ২৪ শিক্ষকের বিপরীতে এবার এইচএসসি পরীক্ষায় ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১১.৭৬ শতাংশ। এর আগের বছরও এ প্রতিষ্ঠান থেকে পাস করে মাত্র একজন শিক্ষার্থী। গোয়ালঘর সদৃশ এমন প্রতিষ্ঠান সরকারি হওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির ফলাফলের এ চিত্র সামনে আসে। জানা গেছে, ২০০৭ সালের ১৫ আগষ্ট নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার চারবাড়ীয়া এলাকায়- দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল এন্ড কলেজটি যাত্রা শুরু করে। শুধুমাত্র বঙ্গবন্ধুর নাম থাকায় পরে ২০২১ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটি সরকারি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল জানান, চলতি বছর ৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছেন। চারবাড়ীয়া সরকারী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (স্কুল ও কলেজ শাখার দায়িত্বরত) ইসরাত জাহান ফরিদা ইয়াছমিনের মুঠোফোন নাম্বারে অসংখ্যবার ফোন করলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।