ফোর লেন উন্নতিকরণ প্রকল্পে বদলে যাবে সিরাজগঞ্জ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্বাবধানে শহর এলাকার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল হতে কাটাওয়াবদা পর্যন্ত আঞ্চলিক সড়কের ফোর লেন উন্নতিকরণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে।
প্রায় ১১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে সমাপ্ত হবে। ওই বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল হতে কাটাওয়াবদা পর্যন্ত ফোর লেন উন্নতিকরণ প্রকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১১ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নে সওজ বিভাগ দরপত্র আহব্বান করে। সরকারি বিধি অনুযায়ী এ দরপত্রে ঠিকাদার নির্বাচিত হয়। নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৫ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শুরু করে এবং কাজ শেষ হবে আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে।
এ প্রকল্পের কাজ সংশ্লিষ্ট বিভাগ ও উর্ধতন কর্মকর্তারা যথানিয়মে তদারকি করছেন। ইতিমধ্যেই এ প্রকল্পের প্রায় ৬০% কাজ হয়েছে। তবে এ কাজে কিছুটা জটিলতা থাকলেও সওজ বিভাগ যথাসময়ে শেষ করতে চেষ্টা করছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল আলোকিত বাংলাদেশকে বলেন, জনস্বার্থে এ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সতর্ক করে দেয়া হয়েছে। যেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হয়। এ প্রকল্পের কাজ শেষ হলে জেলা শহর ও আঞ্চলিক মহাসড়কে ভোগান্তিও কমে যাবে।
এজন্য প্রকল্পের কাজ শেষ করতে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ প্রতিবেদকের এক প্রশ্নাত্তোরে তিনি আরো বলেন, এ প্রকল্পের কাজ বাস্তবায়নে কোন অনিয়ম দুর্ণীতির প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, এরআগে ওই প্রকল্পের কাজ বাস্তবায়নে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যর্থ হয় এবং এজন্য সংশ্লিষ্ট বিভাগ ওই ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভক্ত করা হয়েছে। অবশেষে এ প্রকল্প কাজ বাস্তবায়নে পুনরায় দরপত্ত আহব্বান করে সওজ কর্তৃপক্ষ।
