
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাকে অভ্যর্থনা জানানো হয়।
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন প্রতিমন্ত্রী। তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেন। এ সময় শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন তিনি। প্রতিমন্ত্রীর এমন আন্তরিকতায় বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।
বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী প্রাক-প্রাথমিক ও প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সরাসরি অংশ নেন। শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ এবং শেখার আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।
পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. সেলিম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।