শরীয়তপুরে রেলসংযোগ ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরলেন হুইপ অপু

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলেজ ব্যাগ দিয়ে বরণ করে নেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহ্মেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দিন কালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শরীয়তপুর থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন এবং জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, শরীয়তপুরের সার্বিক উন্নয়নে জেলার তিনজন সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন। খুব শিগগিরই শরীয়তপুরে রেললাইন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে শরীয়তপুরের শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে। শরীয়তপুরের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখবে এবং বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পাবে।