স্বাস্থ্য নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় বিভিন্ন ডায়াগনস্টিক ও প্যাথলজি সেবার মান নিশ্চিত করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য রোধে মাঠে নেমেছেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। গতকাল বুধবার দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে হাসপাতালের আশপাশের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি চালানো হয়। অভিযানকালে 'নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার-২'-এ গিয়ে চরম অনিয়মের সত্যতা পান সিভিল সার্জন। তিনি জানান, এর আগেও এই প্রতিষ্ঠানটিতে জরিমানা করা হয়েছিল এবং সতর্ক করা হয়েছিল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। উল্টো অভিযোগ রয়েছে যে, জেনারেল হাসপাতালের কিছু অসাধু চক্রের মাধ্যমে রোগীদের ইনফ্লুয়েন্স করে ওই ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের জন্য নিয়ে আসা হচ্ছে।
?এছাড়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে দেখা যায়, কোনো ধরনের অনুমোদিত টেকনোলজিস্ট ছাড়াই সেখানে এক্স-রে কার্যক্রম চালানো হচ্ছিল। এর আগে চিঠি দেওয়া সত্ত্বেও তা না মানায় তাৎক্ষণিকভাবে ওই ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন। যতদিন পর্যন্ত বৈধ টেকনোলজিস্ট নিয়োগ করা না হবে, ততদিন এক্স-রে বন্ধ থাকবে বলে জানানো হয়।
পরবর্তীতে আশেপাশের আরও কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় একটি ডেন্টাল চেম্বারে গিয়ে দেখা যায়, কোনো বিডিএস ডিগ্রিধারী বা রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই একজন টেকনোলজিস্ট নিজেই রোগীদের ঝুঁকিপূর্ণ রুট ক্যানেলের মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসাসেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে সংশোধিত না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
