জামায়াত নেতা মেজার (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। ঘটনার পর রাতেই ফোনে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে এসব বিষয় নিশ্চিত করেছেন আখতারুজ্জামান।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান।

এ সময় স্থানীয় চিহ্নিত বিএনপি নেতা-কর্মীরা অতর্কিতভাবে তার ছেলেকে ছুরিকাঘাত করে।

আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি। এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রফিকুল ইসলাম।