ফসল রক্ষায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাসহ হাওরাঞ্চলে চলতি মৌসুমে বর্ষার পানি আগাম নেমে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর পাশাপাশি হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ কেটে ক্ষয়ক্ষতি সৃষ্টির অভিযোগ উঠেছে কিছু স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। এতে আসন্ন বোরো মৌসুমে কৃষকের একমাত্র ফসল রক্ষা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন ও মাছ ধরার কৌশল অবলম্বন করা হচ্ছে। আবার বাঁধের ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সংস্কার ও মেরামতের বরাদ্দ বাড়ানোর সুযোগ তৈরির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে কৃষকের ফসল ও হাওরের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ধর্মপাশা উপজেলা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়ের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়েছে। আলোচনাকালে হাওরের আগাম পানি নেমে যাওয়া, ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা, বাঁধ কেটে ক্ষতিসাধনের অভিযোগ এবং কৃষকদের সম্ভাব্য দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে যোগাযোগ করেন।
এদিকে, এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় ও জোরালো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ মনে করেন, হাওরের ফসল রক্ষা বাঁধ শুধু মাটির অবকাঠামো নয়; এটি লাখো কৃষকের স্বপ্ন, জীবিকা ও পরিবারের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই বাঁধের ক্ষয়ক্ষতি প্রতিরোধ, নিয়মিত তদারকি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
