স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে অবহিতকরণ সভা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া ( মানিকগঞ্জ ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে গ্রাহকদের সচেতনতা ও ধারণা দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওয়ালিউর রহমান।
এ সময় বক্তব্য দেন- সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুক্তি, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক মো. খোকনসহ আরও অনেকেই। সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, ব্যবহারবিধি, সুবিধা এবং গ্রাহকদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
