সিরাজগঞ্জে অশ্লীলতার অভিযোগে মেলা বন্ধ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে অবশেষে এ মেলা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার রাতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের নেতৃত্বে কাজিপুর উপজেলার ওই মেলায় বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের নির্দেশে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছর দুর্গাপূজার পর সোনামুখী হাটে এ মেলা আয়োজন করা হয়। এ মেলা কাঠের আসবাবপত্র ক্রয় বিক্রয়ের জন্য পরিচিত এবং বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ মেলায় অংশগ্রহণ করেন। এবার আয়োজিত মেলার পাশাপাশি দুটি মঞ্চে সার্কাস ও যাত্রাসহ অনান্য আনন্দ উৎসবও চলছিল। ১৫ দিনের জন্য এ মেলার অনুমতি দেয়া হয়েছিল এবং এ মেলার মেয়াদ শেষ হলেও সার্কাস ও যাত্রায় অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ ওঠে। এছাড়া অধিক দামে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তিন দফায় সার্কাস দেখানো হতো এবং রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত পর্যন্ত টিকিটে যাত্রা চলত । সার্কাস ও যাত্রার অশ্লীল নৃত্যর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
