দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখায় জরিমানা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে আসাদুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌর বাজারের সাদা ব্রিজ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা যায়, জেলা বীজ প্রত্যয়ন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলমডাঙ্গার সাদা ব্রিজ মোড় এলাকার সার, বীজ ও কীটনাশকের বেশ কয়েকটি দোকান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মান, মেয়াদ, লাইসেন্স ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণকালে 'আসাদুল এন্টারপ্রাইজ'-এ মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য কয়েকটি দোকানে ছোটখাটো অনিয়ম পাওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান জানান, কৃষকদের নিরাপদ ও মানসম্মত সার, বীজ ও কীটনাশক নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। একই সাথে পণ্য কেনার আগে ক্রেতাদের উৎপাদন ও মেয়াদের তারিখ এবং নির্ধারিত মূল্য যাচাই করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
